মালদায় জাতীয় সড়কে জবরদখলকারীদের উঠিয়ে দিলো পুলিশ
দি নিউজ লায়ন ; মালদা শহরের রথবাড়ি এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কের দুই লেন জবরদখল করে বাজার বসার যে অভিযোগ উঠেছিল, সেব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিল জেলা পুলিশ। শুক্রবার সকাল থেকেই ওই এলাকার জাতীয় সড়কের ধারে জবরদখল হয়ে থাকা বেআইনি বাজার উঠিয়ে দিতে অভিযানে নামল ইংরেজবাজার থানার পুলিশ এবং মালদা ট্রাফিক পুলিশের কর্তারা।
রীতিমতো এই বাজার সরাবার আগে বৃহস্পতিবার রাতে মাইকিং করে খুচরো সবজি বিক্রেতা এবং ফুটপাত দখলকারী ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয়েছিল। এরপরই সরকারি নির্দেশ মেনে শুক্রবার সকাল থেকেই জাতীয় সড়ক জবর দখল মুক্ত করতে কড়া হাতে রাস্তায় নামে পুলিশ। রথবাড়ি এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কের একটি বড় অংশ দখল করে যেখানে বাজার বসতো সেইসব বিক্রেতাদের ওই এলাকার নেতাজি পুরো মার্কেটে পাঠানো হয়। পুলিশের এই ভূমিকায় অবশ্য সন্তোষ প্রকাশ করেছেন শহরের বাসিন্দারা।
ইংরেজবাজারের ট্রাফিক ওসি বিটুন পাল জানিয়েছেন, ৩৪ নম্বর জাতীয় সড়কের একটি অংশ দখল করে বেআইনিভাবে বাজার বসার অভিযোগ উঠেছিল। এমনকি রথবাড়ি এলাকায় এই জাতীয় সড়কে যানজট বাঁধছিল, সেই পরিস্থিতির দিকে লক্ষ্য রেখে জাতীয় সরকার থেকে বাজার তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। যারা এখানে বেচাকেনা করতেন তাদের নেতাজি পুরো মার্কেটের ভিতরে যেতে বলা হয়েছে।

Post a Comment